ঢাকাMonday , 28 July 2025
আজকের সর্বশেষ সবখবর

কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

প্রতিবেদক
অনলাইন ডেক্স

July 28, 2025 12:02 am
Link Copied!

ডেক্স নিউজ :
কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত করা হয়েছে। রোববার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর শাহবাগে চলমান বিভিন্ন ইস্যু নিয়ে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রশিদুল ইসলাম রিফাত।
সংবাদ সম্মেলনে রিফাত বলেন, অর্গানোগ্রামের জরুরি মিটিংয়ে সম্মিলিত সিদ্ধান্তে উপনীত হয়ে জানানো যাচ্ছে যে, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশের সব কমিটি আজ থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হলো। সংগঠনটির আগামী কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা পরবর্তীতে আলোচনার মাধ্যমে জানানো হবে।
রিফাত রশিদ বলেন, ‘সারা দেশে আমরা দেখতে পাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে নামে বেনামে অনেক ধরনের অপকর্ম করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক শেল্টারে বা তাঁরা বিপথগামী হয়ে চাঁদাবাজি, দুর্নীতিতে জড়িয়েছে, যা আমাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।’
চাঁদাবাজির মামলায় রিমান্ডে চারজন: এমন পরিস্থিতিতে সারাদেশের কমিটি স্থগিতের ঘোষণা এলো যখন সংগঠনটির নামে চাঁদাবাজির অভিযোগে সমন্বয়কসহ চারজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার (২৭ জুলাই) সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবি ও হুমকির অভিযোগে গ্রেপ্তার হওয়া চার নেতাকে সাত দিনের রিমান্ডে পাঠান আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই আদেশ দেন।
রিমান্ডে নেওয়া চারজন হলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও মো. ইব্রাহিম হোসেন।
এর আগে গুলশান থানায় সিদ্দিক আবু জাফর নামে একজন বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে তিনি ছয়জনকে অভিযুক্ত করেন—আব্দুর রাজ্জাক রিয়াদ, কাজী গৌরব অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, ইব্রাহিম হোসেন ও আইনের সংঘাতে জড়িত এক কিশোর মো. আমিনুল ইসলাম।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৭ জুলাই সকালে রিয়াদ ও অপু গুলশানের ৮৩ নম্বর রোডে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা গ্রেপ্তারের হুমকি দিয়ে চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে বাদী ১০ লাখ টাকা পরিশোধ করেন। এরপর আরও টাকা না দিলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন। পরে ২৭ জুলাই ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে পুলিশ।
এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদ অভিযুক্তদের সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com