(দক্ষিণ খুরুশকুল আদর্শ উচ্চ বিদ্যালয়)
প্রতিষ্ঠার ২৭ বছরেও নির্মাণ হয়নি শহীদ মিনার, এমপি’র হস্তক্ষেপ কামনা।
(আনোয়ার হোছন)
কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ খুরুশকুল আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ২৭ বছর পেরিয়ে গেলেও এখনো নির্মাণ হয়নি কোনো স্থায়ী শহীদ মিনার। ফলে প্রতিবছর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অস্থায়ীভাবে শহীদ মিনার তৈরি করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হয়।

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয় থেকে ইতোমধ্যে হাজার হাজার শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছেন। দীর্ঘ ২৭ বছর ধরে বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চললেও ভাষা শহীদদের স্মরণে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহল।
প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে মোঃ ইদ্রিস বলেন-মহান ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিদ্যালয় প্রাঙ্গণে একটি স্থায়ী শহীদ মিনার থাকা অত্যন্ত জরুরি। কিন্তু দীর্ঘদিনেও তা নির্মাণ না হওয়ায় শিক্ষার্থীরা প্রতিবছর বেঞ্চ ও অন্যান্য উপকরণ দিয়ে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে শ্রদ্ধা নিবেদন করে আসছে। বিদ্যালয় প্রাঙ্গণে দ্রুত একটি স্থায়ী ও দৃষ্টিনন্দন শহীদ মিনার নির্মাণ করা হলে শিক্ষার্থীরা যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবে। একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও দেশপ্রেমের চেতনা আরও গভীর হবে বলে মনে করেন ঐ প্রাক্তন শিক্ষার্থী।
উক্ত বিদ্যালয়ে অধ্যায়নরত নবম ও দমশ শ্রেণীর শিক্ষার্থী লিখন দে ও শিবু রুদ্র বলেন- তারা উক্ত বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেঞ্চ দিয়ে শহীদ মিনার তৈরী করে শ্রদ্ধা নিবেদন করে আসছে। এতবড় একটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি স্থায়ী শহীদ মিনার না থাকার বিষয়টি অবশ্যই দুঃখজনক বলে মনে করেন সকল শিক্ষার্থীরা।
এ অবস্থায় দক্ষিণ খুরুশকুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ নিতে স্থানীয় সংসদ সদস্য জনাব লুৎফুর রহমান কাজল (এমপি) এর হস্তক্ষেপ কামনা করেছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থীরা এবং স্থানীয় সচেতন সমাজ।








