কক্সবাজারের খরুলিয়ায় গ্রিল ওয়ার্কশপ ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা, থানায় এজাহার দায়ের
বেদারুল আলম কক্সবাজার।
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকায় পূর্বশত্রুতার জের ধরে আবুল মনসুর (৩৩) নামে এক গ্রিল ওয়ার্কশপ ব্যবসায়ীর ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বর্বরোচিত সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই আবু তাহের বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহারভুক্ত আসামিরা হলেন ঝিলংজা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খরুলিয়া বাজার পাড়ার ইউছুপ আলীর ছেলে শওকত আলী পুতু (৪৫) ও লিয়াকত আলী (৪৮), লিয়াকত আলীর ছেলে সোহেল সরওয়ার কাজল (২৫) এবং ৯নং ওয়ার্ডের খরুলিয়া সুতার চর এলাকার ইউছুপ আলীর ছেলে মোঃ আকাশ (২৭), ওসমান গণি (৩২) ও মোঃ সাদ্দুইয়া (২৮)।
ঘটনার বিবরণ:
এজাহার সূত্রে জানা যায়, আহত আবুল মনসুর খরুলিয়া বাজার এলাকায় একটি গ্রিল ওয়ার্কশপ পরিচালনা করে জীবিকা নির্বাহ করেন। এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় আসামিরা তার ওপর ক্ষিপ্ত ছিল। এরই জেরে গত ১৯ নভেম্বর (বুধবার) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে আবুল মনসুর তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে খরুলিয়া বাজার পাড়ার পূর্ব পাশে ১নং আসামি শওকত আলী পুতুর বসতবাড়ির সামনে পৌঁছালে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তার পথরোধ করে।
অভিযোগে বলা হয়, ২নং আসামি লিয়াকত আলীর হুকুমে ও অন্যদের সহযোগিতায় শওকত আলী পুতু ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে আবুল মনসুরের মাথায় সজোরে কোপ দেয়। এতে তার মাথার সম্মুখভাগে গুরুতর রক্তাক্ত জখম হয়। এছাড়া অন্যান্য আসামিরা লোহার রড, হাতুড়ি ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তার মুখমণ্ডল, বাম হাতের কব্জি, বুক, পিঠ ও উরুসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। হামলার একপর্যায়ে আসামিরা তার পকেটে থাকা নগদ ৩২ হাজার টাকা ছিনিয়ে নেয়।
আহত আবুল মনসুরের চিৎকারে স্থানীয় লোকজন ও সাক্ষীরা এগিয়ে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। প্রথমে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। সেখানে সিটিস্ক্যান পরীক্ষায় তার মাথার হাড়ে গুরুতর ফাটল (ফ্রন্টাল লিনিয়ার ফ্র্যাকচার) ধরা পড়েছে।
বাদী আবু তাহের জানান, আহত ভাইয়ের চিকিৎসা ও মেডিকেল কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে এজাহার দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। এদিকে ঘটনার পর থেকে আসামিরা প্রকাশ্যে মামলা না করার জন্য বাদী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে চিকিৎসা সনদ ও জখমের ছবিসহ লিখিত অভিযোগ জমা দিয়ে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।







