বার্তা পরিবেশক :
নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ৯,৮০০ পিস ইয়াবা জব্দ; চালক আটক।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের পুরাতন বাস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার গোয়েন্দা টিম ওই এলাকায় তল্লাশি জোরদার করে। এ সময় নাইক্ষ্যংছড়ি থেকে রামুগামী একটি সন্দেহভাজন সিএনজি থামানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক কোনো অবৈধ বস্তু বহনের বিষয়টি অস্বীকার করেন। তবে পরে তল্লাশি চালিয়ে সিএনজির চালকের আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবার চালান উদ্ধার করা হয়। সেখান থেকে মোট ৯,৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় সিএনজির চালক জান্নাত উল্লাহ সাঈদ (১৯)-কে আটক করা হয়েছে। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মো. একরাম উল্লাহ বলেন, এলাকায় মাদক পাচার ও চোরাচালান রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।








