খুরুশকুলে রোহিঙ্গা ভোটারের ছড়াছড়ি, নাম বাদ দিতে ইসিতে অভিযোগ।
(আনোয়ার হোছন)
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ভোটার তালিকায় বিপুল সংখ্যক সন্দেহভাজন রোহিঙ্গার নাম অন্তর্ভুক্ত রয়েছে বলে অভিযোগ তুলে সেসব নাম যাচাই পূর্বক বাদ দেওয়ার দাবিতে নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন করা হয়েছে।
গত ৭ জুলাই জেলা নির্বাচন কর্মকর্তা, কক্সবাজার বরাবর দাখিল করা ওই আবেদনে অ্যাডভোকেট মোহাম্মদ ফয়সাল মোবারক দাবি করেন, খুরুশকুল ইউনিয়নের হালনাগাদ ভোটার তালিকা পর্যালোচনা করে প্রাথমিকভাবে ২১৬ জন সন্দেহভাজন রোহিঙ্গা ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। তাদের নাম-ঠিকানার একটি তালিকাও আবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। আবেদনে বলা হয়, বিভিন্ন সময়ে বাংলাদেশে আসা কিছু রোহিঙ্গা স্থানীয় পরিচয় ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে ভোটার তালিকার নির্ভুলতা, জাতীয় নিরাপত্তা এবং সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে আবেদনকারী উল্লেখ করেন। তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের নাগরিকত্ব ও তথ্য যাচাই করে, যারা প্রকৃতপক্ষে বাংলাদেশি নাগরিক নন, তাদের নাম প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে জানার জন্য জেলা নির্বাচন কর্মকর্তার সরকারি ওয়েবসাইটে থাকা মোবাইল নাম্বারে একাধিকবার কল করা হলেও মোবাইল বন্ধ থাকায় কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, আবেদনটি নিয়ে খুরুশকুল এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, অভিযোগের বিষয়গুলো নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলে ভোটার তালিকার গ্রহণযোগ্যতা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ আরও শক্তিশালী হবে।







