ডেক্স নিউজ
সমুদ্র পথে মানব পাচার বেড়েই চলছে, হতাহতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন।
রোহিঙ্গাদের জন্য দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সমুদ্রপথে যাত্রা ২০২৫ সালে ভয়াবহ রূপ নিয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের এক জরিপে বলা হয়েছে, আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে বিপজ্জনক নৌযাত্রায় প্রায় ৯০০ রোহিঙ্গা শরণার্থী নিখোঁজ বা প্রাণ হারিয়েছেন।
ইউএনএইচসিআর জানায়, ২০২৫ সালে ৬ হাজার ৫০০-এর বেশি রোহিঙ্গা ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে যাত্রার চেষ্টা করেন। এদের মধ্যে প্রতি সাতজনের একজন নিখোঁজ বা নিহত হন, যা বিশ্বব্যাপী শরণার্থী ও অভিবাসীদের সমুদ্রযাত্রায় সর্বোচ্চ মৃত্যুহার হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে এসব যাত্রায় অংশ নেওয়াদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু।
সংস্থাটি আরও জানায়, ২০২৬ সালেও এই ঝুঁকিপূর্ণ প্রবণতা অব্যাহত রয়েছে। জানুয়ারি থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ২ হাজার ৮০০-র বেশি রোহিঙ্গা সমুদ্রপথে যাত্রা করেছেন। সর্বশেষ ঘটনায়, ২৬ মার্চ বাংলাদেশ থেকে যাত্রা করা একটি অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা উত্তাল সাগরে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে, যেখানে প্রায় ২৫০ জন নিখোঁজ রয়েছেন। ৯ এপ্রিল আন্দামান দ্বীপপুঞ্জের কাছে নয়জন জীবিত উদ্ধার করা হয়।








